আমি জন্মসূত্রে সুন্নি, কিন্তু আমি নিজেকে শুধু মুসলিম বলেই পরিচয় দিই। অনেক দিন ধরে একটা জিনিস আমার মনে প্রশ্ন তোলে — শিয়ারা যে বলে, নবীর বংশ থেকে বারো জন ইমাম এসেছেন, যাদের মধ্যে শেষজন ইমাম মাহদি — এখন গায়েব, তিনি ছোটবেলাতেই গায়েব হয়েছেন, ৯০০ খ্রিস্টাব্দের আশেপাশে — বিষয়টা তো হাস্যকর মনে হয়, তাই না? কিন্তু এটা কি পুরোপুরি বাতিল, নাকি এতে কিছু সত্য আছে?
শিয়ারা বলে, নবীর পরিবারের বারো জন ইমাম ছিলেন। তাদের প্রায় সব ইমামকেই হত্যা করা হয়েছে। এই কারণেই তারা বিশ্বাস করে, সর্বশেষ ইমাম মুহাম্মদ ইবনে হাসান (যাকে ইমাম মাহদি বলা হয়), ছোটবেলায় গায়েব হন — আল্লাহ তাঁকে তুলে নিয়েছেন, আর একদিন তিনি ফিরে আসবেন, যেদিন পৃথিবী অন্যায়ে ভরে যাবে।
সহিহ হাদিস বইয়েও “বারোজন খলিফা”র কথা এসেছে। যেমন:
> “আমার পরে বারোজন খলিফা থাকবে, এবং তারা সবাই কুরাইশ বংশীয়।”
— সহিহ মুসলিম, হাদিস: ১৮২১
এই হাদিস আবু দাউদ, তিরমিজি ও মুসনাদে আহমদেও এসেছে। কিন্তু সুন্নিদের কেউই নির্দিষ্টভাবে এই বারোজন কারা তা বলতে পারেন না। কেউ বলেন চার খলিফা, কেউ বলেন উমাইয়া বা আব্বাসি খলিফা — কিন্তু তালিকা মেলে না।
অন্যদিকে শিয়ারা বলে — এই বারোজন ইমাম হলেন:
আলী, হাসান, হুসাইন, জয়নুল আবেদিন, মুহাম্মদ বাকির, জাফর সাদিক, মূসা কাযিম, আলী রেজা, মুহাম্মদ তাকী, আলী নাকি, হাসান আসকারি এবং মাহদি (মুহাম্মদ ইবনে হাসান)।
এটা আমার কাছে অনেকটাই যুক্তিযুক্ত মনে হয়, ১২ জন খলিফার বিষয়ে। কারণ ইমাম মাহদির আগমনের হাদিসেও এসেছে যে, তিনি হযরত ফাতিমা (রা.)-এর বংশধর হবেন।
“মাহদি হবে ফাতিমা (রা.)-এর বংশধর।”
— সুনান আবু দাউদ, হাদিস: ৪২৮৬
“মাহদি আমাদের আহলে বাইতের একজন। আল্লাহ এক রাতেই তাঁকে (নেতৃত্বের জন্য) প্রস্তুত করবেন।”
— সুনান ইবনে মাজাহ, হাদিস: ৪০৮৫
আর বারো ইমামের জন্য সবচেয়ে শক্তিশালী যুক্তি হচ্ছে এই হাদিস:
“আমি তোমাদের মাঝে দুইটি ভারী (মূল্যবান) জিনিস রেখে যাচ্ছি। যদি তা দৃঢ়ভাবে ধারণ করো, তাহলে আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না:
এক— আল্লাহর কিতাব (আল-কুরআন),
দুই— আমার আহলে বাইত (পরিবারবর্গ)।”
সুনান তিরমিজি, হাদিস: ৩৭৮৮
মুস্তাদরাক আল-হাকিম, ৩/১৪৮
মুসনাদ আহমদ, ৩/১৭, ৫/১৮২
সহিহ মুসলিম, হাদিস: ২৪০৮
যেহেতু আহলে বাইতকে আঁকড়ে ধরতে বলেছেন, সে ক্ষেত্রে ইমাম অবশ্যই আহলে বাইত থেকেই হতে হবে।
সত্যি বলতে, আমি অনেক দিন “গায়েব” হওয়ার ব্যাপারটাকে পাত্তা দিইনি। কিন্তু একদিন বাইবেল পড়তে গিয়ে একটা আজব মিল খেয়াল করলাম। হযরত ঈসা (আ.)-এর ভবিষ্যদ্বাণী হিসেবে Revelation (প্রকাশিত বাক্য) ১২:১–৫-এ একটা অংশ আছে, যেটা পুরো পড়েই আমি থমকে গেলাম। ইংরেজি বাইবেল থেকে টেক্সটটা ছিল এরকম:
> “A great sign appeared in heaven: a woman clothed with the sun, with the moon under her feet and a crown of twelve stars on her head. She was pregnant and cried out in pain as she was about to give birth.
Then another sign appeared in heaven: an enormous red dragon... The dragon stood in front of the woman who was about to give birth, so that it might devour her child the moment he was born.
She gave birth to a son, a male child, who ‘will rule all the nations with an iron scepter.’ And her child was snatched up to God and to his throne.”
— Revelation 12:1–5
বাংলা অর্থ:
> “আকাশে এক বিশাল নিদর্শন দেখা গেল: সূর্যে আবৃত এক নারী, তাঁর পায়ের নিচে চাঁদ, আর তাঁর মাথায় বারোটি তারার মুকুট। তিনি গর্ভবতী ছিলেন এবং প্রসবের যন্ত্রণায় চিৎকার করছিলেন।
তারপর আকাশে আরেকটি নিদর্শন দেখা গেল: এক বিশাল লাল ড্রাগন... ড্রাগনটি সেই নারীর সামনে দাঁড়িয়ে ছিল, যেন যখনই সে সন্তান প্রসব করে, তখনই ড্রাগনটি শিশুটিকে গিলে ফেলে।
সে একটি পুত্রসন্তান জন্ম দিল—একটি ছেলে, যে লোহার রাজদণ্ড দিয়ে সব জাতিকে শাসন করবে। আর সেই শিশুটিকে ঈশ্বরের কাছে ও তাঁর সিংহাসনের নিকট তুলে নেওয়া হলো।”
এই অংশটুকু পড়েই আমার মাথায় বাজ পড়লো।
প্রথমে দেখি — নারী সূর্যে মোড়া, পায়ের নিচে চাঁদ, মাথায় বারো তারা। তারপর সে একটি পুত্রসন্তান জন্ম দেয়, যে জাতিগুলোকে শাসন করবে লোহার রাজদণ্ড দিয়ে, এবং যাকে ঈশ্বর তুলে নেন তাঁর সিংহাসনে।
এই নারী কি হযরত ফাতেমা (রা.) হতে পারেন না? যাঁর পায়ের নিচে চাঁদ — মুসলিমদের প্রতীক। মাথায় বারো তারা — নবী পরিবারের বারো ইমাম। সন্তান — যিনি গায়েব হন এবং ভবিষ্যতে ফিরে আসবেন ইনসাফ কায়েম করতে।
অনেকে বলে, এটা মেরি বা যিশুকে বোঝায়। কিন্তু আমার কাছে সেটা খুব জোড়াতালি মনে হয়। কারণ খ্রিস্টানদের প্রতীক কখনোই চাঁদ ও তারা নয় — ওদের প্রতীক হলো ক্রস। বাইবেলে মেরিকে কোথাও ১২ তারা বা চাঁদসহ প্রতীক করা হয়নি। হযরত ফাতেমার মাথায় যদি ১২ ইমামের প্রতীক হিসেবে তারা থাকে, সেটা বরং অনেক বেশি সংগতিপূর্ণ।
তারপর দেখি —
> “Her child was caught up to God and to his throne.”
এইটা তো একদম গায়েব হওয়ার বিষয়টাই বুঝায় — যাকে তুলে নেওয়া হয়েছে আসমানে।
ইসলামেও এর দৃষ্টান্ত আছে। হযরত ঈসা (আ.) সম্পর্কে কুরআনে বলা হয়েছে:
> “বরং আল্লাহ তাঁকে তাঁর কাছে তুলে নিয়েছেন।”
— সূরা নিসা, ৪:১৫৮
তাহলে কেউ যদি বলে, ইমাম মাহদি গায়েব — তা খুব একটা অস্বাভাবিক কিছু না। বরং এটা আল্লাহর আগের কাজেরই ধারাবাহিকতা।
মাহদি কিয়ামতের আগে আসবেন — এটা শুধু শিয়ারা না, সুন্নিরাও মানে।
> “যদি পৃথিবীর বাকি কেবল একদিনও থাকে, আল্লাহ এমন একজন পাঠাবেন, যিনি দুনিয়াকে ইনসাফে ভরে দেবেন যেমনটা তা অন্যায়ে ভরা ছিল।”
— সুনান আবু দাউদ, হাদিস: ৪২৮২
এই লোকই তো মাহদি — যিনি পৃথিবীতে ইনসাফ ফিরিয়ে আনবেন। কুরআন, হাদিস, এমনকি বাইবেলের প্রতীকেও এই মিল পাওয়া যায়। আমি এটা হালকাভাবে নিতে পারি না।
> “আল্লাহ তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি তাদেরকে পৃথিবীতে খিলাফত দান করবেন... এবং তাদের দ্বীনকে সুদৃঢ় করবেন।”
— সূরা নূর, ২৪:৫৫
এইভাবে দেখলে, বাইবেল, কুরআন, হাদিস — সব মিলিয়ে এক ধরনের ধারাবাহিকতা পাওয়া যায়। আমি কাউকে মানতে বলছি না। আমি শুধু একজন সাধারণ মুসলিম হিসেবে পড়েছি, চিন্তা করেছি। আমি শিয়া না, সুন্নি পরিচয়েও গর্ব নেই — আমি শুধু মুসলিম হতে চাই।
গায়েব ইমাম, বারো ইমাম, বাইবেলের প্রতীক — সব মিলেই একটা প্রেক্ষাপট তৈরি করে, যেটাকে অস্বীকার করা কঠিন।
আমি ফিরকাবাজি করতে চাই না। সত্য যেদিকে থাকুক, তা গ্রহণ করাই আমার কর্তব্য।
এই লেখা আমার মনের কথা।
যদি কোনো ভুল করি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আর যদি কেউ উপকার পায়, সব কৃতিত্ব আল্লাহর।
সোহেল রানা
Comments
Post a Comment